ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ১০ লাখ পরিবার পাবেন কম দামে দুধ, ডিম ও মাংস!

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ । ৬১ জন

পবিত্র রমজানকে সামনে রেখে সরকার নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে সুবিধা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, এবার ১০ লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর উত্তরা, আজিমপুর, মিরপুরসহ ২৫টি স্থানে এবং এটি পুরো রমজান মাস জুড়ে চলবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ সম্প্রসারণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে ডিমের ডজন মিলছে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকায় এবং ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এর ফলে বাজারে জিনিসপত্রের দামও কমে আসবে।

তিনি আরও উল্লেখ করেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। সরকারের এই উদ্যোগ সেই ভোগান্তি কমাতে সহায়ক হবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।