মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবেদ আলী (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের শুকুরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবেদ আলী উপজেলার মটমুড়া ইউনিয়নের পুরাতন মটমুড়া মাটপাড়ার মৃত রহিম মন্ডলের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, “দিবাগত রাত প্রায় ৩টার দিকে থানা পুলিশের টহল দল মহাসড়কের ওপর এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করেন। ওসি জানান, পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মরদেহ থানায় রাখা হয়েছে।


