ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ । ১০৯ জন

মালয়েশিয়ার পাহাং রাজ্যের রাউব শহরে বজ্রপাতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. শাহাঙ্গির (৩৭)। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রাউব জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহরিল আব্দুল রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ালা এটোক এলাকার একটি নির্মাণ প্রকল্পের কাছে বজ্রপাতের খবর পান তারা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহাঙ্গির কুয়ালালামপুরে বসবাস করতেন। সম্প্রতি তিনি তার ভাইকে দেখতে রাউব শহরে এসেছিলেন। তার ভাই ওই নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পুলিশের ধারণা, ভাইকে খুঁজতে বের হলে শাহাঙ্গির বজ্রপাতে প্রাণ হারান।

নিহতের বাম পায়ে পোশাক ছেঁড়ার দাগ পাওয়া গেছে, যা বজ্রাঘাতের লক্ষণ হিসেবে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর শাহাঙ্গিরকে দ্রুত কুয়ালা লিপিসের একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাউব হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।