
ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় চারটি প্রতিষ্ঠানের আটটি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব পণ্যে মাত্রাতিরিক্ত সংরক্ষণকারী উপাদান, মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়া গেছে।
সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসটিআই।
বিএসটিআই জানায়, ফ্রেশ গার্ডেন এগ্রো রিসোর্সেসের আমের আচারে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি সংরক্ষণকারী উপাদান পাওয়া গেছে।
এ ছাড়া কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের হ্যাজেলনাট আবরণযুক্ত আইসক্রিমে দুধের কঠিন উপাদানের পরিমাণ বাংলাদেশ মানদণ্ডের চেয়ে বেশি পাওয়া গেছে।
অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্য ব্র্যান্ডের দুধ নির্যাসযুক্ত ত্বক পরিচর্যার লোশন, অ্যালোভেরা ত্বক পরিচর্যার লোশন, অলিভ ও লাবণ্য ব্র্যান্ডের মোরিঙ্গা ও মাচা ফেসওয়াশ, ফোমিং মিল্ক ও তুলসী ফেসওয়াশ এবং লাবণ্য ব্র্যান্ডের অ্যালোভেরা শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি শনাক্ত হয়েছে।
এদিকে ডেকো ফুডস লিমিটেডের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের আম ও কমলা স্বাদের কোমল পানীয়ের গুঁড়ায় বাংলাদেশ মানদণ্ডের তুলনায় ভিটামিন ‘সি’-এর পরিমাণ কম পাওয়া গেছে।
বিএসটিআই জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি পণ্যের লাইসেন্স নবায়ন বা অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেশের সব পরিবেশক, ডিলার, খুচরা বিক্রেতা ও বাজার থেকে অবিলম্বে এসব পণ্য প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন নিবিড়ভাবে তদারকি করবে বিএসটিআই। নির্দেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিএসটিআইর মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মানসম্মত পণ্য নিশ্চিত করতে বিএসটিআই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভোক্তাদের পণ্য কেনার আগে বিএসটিআইর মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দেন। একই সঙ্গে কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা বা বিএসটিআইর মানচিহ্নের অপব্যবহার সংক্রান্ত অভিযোগ দ্রুত সংস্থাটিকে জানানোর আহ্বান জানান।