মাদারীপুরে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ম্যালকাই এলাকায় আসার সময় একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহতদের মধ্যে অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।


