ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. মতামত

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ২:০৩ বিকাল

Link Copied!

গুলশান ইয়ুথ ক্লাব নামের একটি প্রতিষ্ঠান গুলশান সেন্ট্রাল পার্কের মাঠ ব্যবহারের জন্য নাগরিকদের কাছ থেকে অর্থ আদায় করছে—বিষয়টি অবগত থাকার পরও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ও গণপূর্ত মন্ত্রণালয়ের নীরব ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক। এটি আইনের লঙ্ঘন এবং নাগরিকদের অধিকার হরণের শামিল। আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে মাঠ, পার্ক, জলাধার দখলমুক্ত আন্দোলনের পক্ষে ১২ জন বিশিষ্ট ব্যক্তি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দা রতনা, পাবলিক হেলথ ল ইয়ার্স নেটওয়ার্কের সদস্য-সচিব ব্যারিস্টার নিশাত মাহমুদ, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক নাঈম উল হাসান ও আমিরুল রাজিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, সাংবাদিক ও জনস্বাস্থ্য গবেষক সুশান্ত সিনহা, বারসিকের নগর গবেষক ও সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোশাহিদা সুলতানা, গবেষক ও সাংবাদিক ইব্রাহীম খলিল এবং সিটিজেন নেটওয়ার্কের নির্বাহী আমিনুল ইসলাম।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৯ আগস্ট নিউ এইজ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে রাজউক চেয়ারম্যান মাঠ ব্যবহারের জন্য ক্লাব কর্তৃক অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে নাগরিকদের জন্য দেশের মাঠ ও পার্কগুলো বিনামূল্যে ব্যবহারের সুযোগ নিশ্চিত করা এবং অবৈধ দখলমুক্ত করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় দীর্ঘদিন ধরে দখলের অভিযোগ থাকা গুলশান ইয়ুথ ক্লাবকে পার্ক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার লক্ষ্যে সমঝোতাপত্র স্বাক্ষর করা বিস্ময়কর এবং জনস্বার্থের পরিপন্থী।

একটি ক্লাবের স্বার্থে গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের এমন নতজানু নীতি সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করবে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করবে। মাঠ ও পার্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়; এগুলো জনগণের সম্পদ। অর্থের বিনিময়ে নাগরিকদের খেলাধুলার সুযোগ সীমিত করা তাদের মৌলিক নাগরিক অধিকার ক্ষুণ্ন করার শামিল। জনগণের খেলার মাঠ ও পার্ককে বাণিজ্যিকভাবে ব্যবহার ও পরিচালনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গুলশান ইয়ুথ ক্লাবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাঠে বেআইনি স্থাপনা নির্মাণ ও দখলের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ থাকা সত্ত্বেও রাজউক, সিটি কর্পোরেশন ও গণপূর্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ক্লাবটি বিভিন্ন সময়ে সুবিধা ও সমর্থন পেয়ে এসেছে বলে অভিযোগ রয়েছে। অতীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রক্রিয়াকে ব্যবহার করে মাঠটি দখলে নেওয়ার অভিযোগও রয়েছে। সম্প্রতি রাজউক সেই ক্লাবের সঙ্গেই পার্ক ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি করেছে, যা জনস্বার্থে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, মাঠ ও পার্কের দখল বজায় রাখতে গুলশান ইয়ুথ ক্লাব বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র ও সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে মাঠে ফলক স্থাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে আসছে। ফলে সংশ্লিষ্ট সকল মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র ও সরকারি কর্মকর্তাদের এ ধরনের দখলদারির অভিযোগ থাকা কোনো ক্লাবের সঙ্গে নিজের বা পরিবারের সদস্যদের সদস্যপদ, সম্পৃক্ততা বা প্রত্যক্ষ-পরোক্ষ পৃষ্ঠপোষকতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।

বিবৃতিতে তারা আরও বলেন, ঢাকার বিভিন্ন ক্লাবের ব্যবস্থাপনা কমিটি বছরের পর বছর প্রভাবশালী ব্যক্তিদের নাম ও পরিচয় ব্যবহার করে সরকারি মাঠ ও পার্কের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারই নয়, বরং নাগরিক অধিকার সংরক্ষণে সরকারের উদ্যোগ ও সদিচ্ছাকেও প্রশ্নবিদ্ধ করে। গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক কর্তৃক একটি ক্লাবের সীমিতসংখ্যক সদস্যের স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের সুযোগ করে দেওয়ার আমরা তীব্র নিন্দা জানাই। রাষ্ট্রীয় সম্পদ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ক্লাবের স্বার্থে নয়; তা জনগণের কল্যাণে ব্যবহারের জন্য।

উল্লেখ্য, গুলশান সেন্ট্রাল পার্ক (শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক) দখল বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে একাধিক রিট মামলা হয়েছে। এসব মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট বাণিজ্যিক কার্যক্রম বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলে জানা যায়। কিন্তু অভিযোগ রয়েছে, গণপূর্ত, রাজউক ও সিটি কর্পোরেশনের ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ও প্রভাব ব্যবহার করে গুলশান ইয়ুথ ক্লাব দীর্ঘদিন ধরে মাঠের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People