ভোজ্যতেলকে কেন্দ্র করে সিন্ডিকেট কার্যক্রম ও লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চুয়াডাঙ্গা জেলা শাখা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহরের বাদুরতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এসময় বক্তব্য দেন হাবিবি জহির রায়হান, অধ্যক্ষ শাহজাহান আলী, অ্যাডভোকেট বদর উদ্দিন ও লিটু বিশ্বাসসহ অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, একটি অসাধু সিন্ডিকেট বাজারকে অস্থিতিশীল করে তুলছে এবং কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হচ্ছে।
তারা আরও বলেন, ভোজ্যতেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর।


