বিশ্বজুড়ে নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এর প্রভাবের শিকার মেগাসিটি ঢাকা। বুধবার (৪ মার্চ) সকালেই আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir-এর তথ্যানুযায়ী, ৩১০ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
একই সময়ে ২২৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের কলকাতা। এছাড়া দিল্লি-র স্কোর ১৮৪ এবং পঞ্চম অবস্থানে থাকা চীনের রাজধানী বেইজিং-এর স্কোর ১৭৭।
বিশেষজ্ঞরা বলছেন, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।
একিউআই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, হৃদরোগ ও অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ায়। তাই জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন তারা।


