বিশ্বজুড়ে নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে জনবহুল শহরগুলোতে। দীর্ঘদিন ধরে দূষণের কবলে থাকা মেগাসিটি ঢাকায় সাম্প্রতিক বৃষ্টির পরও বায়ুমানের তেমন উন্নতি হয়নি।
সোমবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৩৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যেখানে বায়ুমানের স্কোর ২০৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ১৮৬, তৃতীয় স্থানে ভারতের দিল্লি (১৭৫), চতুর্থ স্থানে উগান্ডার কাম্পালা (১৬০) এবং পঞ্চম অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৫৮) রয়েছে।
বায়ুমানের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর বলা হয়, আর ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরে কম বের হওয়া এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব আরও মারাত্মক হতে পারে।


