ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

ফরিদপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ । ৯ জন

ফরিদপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রির অভিযোগে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট গ্রামে এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযানে এক্সকেভেটর দিয়ে কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে নগরকান্দা উপজেলার কুঞ্জনগর পাল্লা গ্রামের নজরুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ শাস্তি প্রদান করা হবে বলেও তিনি সতর্ক করেন।

প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।