আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে প্রায় পৌনে সোয়া ৪ লাখ ব্যালট দেশে ফিরে এসেছে। এসব ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩টি ব্যালট প্রবাসী ভোটাররা গ্রহণ করেছেন। প্রাপ্ত ব্যালটের মধ্য থেকে ৪ লাখ ৯৪ হাজার ১২৫ জন প্রবাসী ভোট প্রদান করেন এবং ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন ভোটার ভোট দেওয়া ব্যালট ডাকঘরে জমা দেন। এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ২ লাখ ২৫ হাজার ১৬৮টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন।
এদিকে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্য পাঠানো হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি পোস্টাল ব্যালট। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন ভোটার ডাকঘরে ব্যালট জমা দিয়েছেন। এসবের মধ্যে রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৮৩ হাজার ৯৪২টি ব্যালট গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


