ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের জন্য শিগগিরই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ । ৭৩ জন

নির্বাচনী ইশতেহার অনুযায়ী খুব শিগগিরই প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর প্রবাসীদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই প্রবাসী কার্ড বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী আরও জানান, স্পেনে অবস্থানরত প্রায় ২৫ হাজার অনিবন্ধিত (আনডকুমেন্টেড) বাংলাদেশিকে বৈধকরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির আওতায় মধ্যপ্রাচ্যসহ বন্ধ হয়ে থাকা শ্রমবাজার—বিশেষ করে সৌদি আরব ও মালয়েশিয়ায়—পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এক মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে জানানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সংক্রান্ত একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে, যেখানে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তা আগামীতেও স্থিতিশীল রাখতে সরকার সক্ষম হবে।

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী জানান, সিলেট অঞ্চল পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ জোন, যেখানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা অন্তর্ভুক্ত। সীমান্তবর্তী এ এলাকায় উজানের ঢলের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, যা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। নদীভাঙন রোধেও জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রেস ব্রিফিংয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।