ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

পাবনা মানসিক হাসপাতাল হচ্ছে আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রি ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ । ১০৭ জন

পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিস্ট ইনস্টিটিউটে রুপান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব সাইকিয়াট্রির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. বিধান রঞ্জন রায় বলেন, আমরা দীর্ঘ সময় ধরে ভাবছি এবং পরিকল্পনা করছি, দেশের প্রাচীনতম সাইকিয়াট্রিস্ট প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতাল, এটাকে আমরা নতুন রুপ দিবো। এটাকে আধুনিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবো। এই পরিকল্পনা দীর্ঘ দিন ধরে চলছে। অত্যন্ত খুশির সংবাদ বর্তমান সরকার এই পরিকল্পনা অনুমোদন করেছেন।

তিনি বলেন, একটা ভয় ছিল এই পরিকল্পনা একনেকে পাস হবে কিনা এবং পাস হলেও পুরোপুরি পাস হবে নাকি খণ্ডিত আকারে পাস হবে। এটা নিয়ে পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে দেখা করি এবং গুরুত্ব সম্পর্কে বুঝাই।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, জাতীয় পর্যায়ের ন্যাশনাল মেন্টাল ইনস্টিটিউট ঢাকায় রয়েছে। প্রাচীনতম প্রতিষ্ঠান নতুন রুপ পেতে যাচ্ছে। আন্তর্জাতিক মানের নতুন ইনস্টিটিউট গড়ে তুলতে পারি। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউটে স্থানের অভাব রয়েছে। সাইকিয়াট্রিকে যেভাবে উন্নয়ন করা দরকার, সেই সুযোগ ন্যাশনাল মেন্টাল ইনস্টিটিউটে নাই। আমাদের অনেক জায়গা দরকার, সেটা রয়েছে পাবনাতে। এখন যোগাযোগ ব্যবস্থাও ভালো। সুতরাং পাবনা মানসিক হাসপাতাল ভবিষ্যতে সাইকিয়াট্রিতে ভালো অবদান রাখবে।

তিনি বলেন, যারা সাইকিয়াট্রিতে প্রতিশ্রুতিশীল ও গবেষণা করতে আগ্রহী তাদের জন্য অনুপ্রেরণা ও সহযোগী হয়ে উঠবে পাবনা মানসিক হাসপাতাল। পাবনা হাসপাতালকে আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিস্ট ইনস্টিটিউটে রুপান্তর করা হবে।

অনুষ্ঠানে এবি পার্টির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাব মিনার, মানসিক রোগ বিশেষজ্ঞ ব্রি. গে. (অব.) অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম ও অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।