
মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এতে দেশটির বিভিন্ন এলাকায় ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার স্বার্থে মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১২টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পানামার দক্ষিণ উপকূলীয় হেরেরা প্রদেশের পিতালোজা আরিবা এলাকার কাছাকাছি। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
ভূমিকম্পটি অগভীর হওয়ায় আশপাশের এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশ কোস্টারিকার রাজধানী সান হোসেতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে পানামার বিভিন্ন এলাকায় ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হেরেরা প্রদেশের রাজধানী চিত্রেসহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে ফাটল দেখা দেয়। লাস মিনাস এলাকার বাসিন্দারা আতঙ্কের কথা জানিয়েছেন। লস সান্তোস প্রদেশের উপকূলীয় এলাকাতেও ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে পেনোনোমে শহরের একটি ঐতিহাসিক গির্জার টাওয়ার ধসে পড়তে দেখা যায়।
ভূমিকম্পের সময় রাজধানী পানামা সিটির বহুতল ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন অনেকে। নিরাপত্তার স্বার্থে শহরটির মেট্রোর দুটি লাইনে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হয়। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ও সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়।
এ ছাড়া ভূমিকম্পের কারণে বিমান চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে। তবে এসব পরিস্থিতির মধ্যেও পানামা খালের কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স