তীব্র শীত ও ভয়াবহ শৈত্যপ্রবাহে নিউইয়র্ক সিটিতে মৃত্যু হয়েছে ১৬ জনের। সোমবার (৩ ফেব্রুয়ারি) শহরের মেয়র জোহরান মামদানি এ তথ্য জানিয়েছেন।
মেয়র জানান, রাস্তায় থাকা অবস্থায় ১৬ জন নাগরিকের মৃত্যু ঘটেছে। তিনি আরও বলেন, প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত কয়েক দিনে এক ডজনের বেশি মানুষ শহরের রাস্তায় জমে প্রাণ হারিয়েছেন।
প্রাথমিক তদন্তে ১৬ জনের মধ্যে ১৩ জনের মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত হয়েছে হাইপোথার্মিয়া। বাকি তিনটির ক্ষেত্রে অতিরিক্ত মাদক সেবনের প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মেয়র মামদানি জানান, প্রায় ১০ দিন আগে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার পর থেকেই গৃহহীনদের সহায়তায় কার্যক্রম জোরদার করা হয়েছে। এ সময়ে ৯৩০-এর বেশি মানুষকে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ১৮ জনকে জোরপূর্বক নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
তবে মেয়র উল্লেখ করেন, সাম্প্রতিক মৃত্যুর ঘটনা যাদের হয়েছিল, তারা কেউই গৃহহীনদের ক্যাম্পে অবস্থান করছিলেন না। এছাড়া মেয়র গৃহহীনদের তাঁবু বা অস্থায়ী বসতি উচ্ছেদের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
নিউইয়র্ক শহরে চলমান তীব্র শীত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রা মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বাধ্য করছে। প্রশাসন গৃহহীন ও ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষায় কার্যক্রম অব্যাহত রাখছে।


