ঢাকার নববাগঞ্জ উপজেলার যন্ত্রাইল এলাকায় ইসিবাইক চাপায় ফারুক ব্যাপারী (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফারুক ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ এলাকার আহম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফারুক উপজেলার পালামগঞ্জ বাজার এলাকায় সবজি বিক্রি করে জীবিক নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রোববার ভোরে সবজি আনার জন্য পালামগঞ্জ এলাকা থেকে চন্দ্রখোলা বাজারে যাওয়ার সময় যন্ত্রাইল এলাকায় ইজিবাইক উলটে গেলে নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় ফারুক। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় ইজিবাইক চালক ও গাড়ি আটক করে থানায় নিয়ে যায় নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, লাশ থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


