ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬

দেশজুড়ে আগামী ৫ দিন বজ্রবৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৫, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ । ৩৭ জন

দেশের আবহাওয়ায় আবারও পরিবর্তনের আভাস মিলেছে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এছাড়া টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় দিন (৬ এপ্রিল) রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিন (৭ এপ্রিল) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে।

চতুর্থ দিন (৮ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগে দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পঞ্চম দিন (৯ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলে দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়েও তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ধিত ৫ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে। তবে সময়ের শেষের দিকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।