ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

দুপুর ১২টা পর্যন্ত মোবাইল সংযোগে বিঘ্ন হতে পারে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ । ৩২ জন

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের কিছু মোবাইল গ্রাহক সাময়িকভাবে নেটওয়ার্ক বিচ্ছিন্নতার মুখে পড়তে পারেন। এমন তথ্য জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন Association of Mobile Telecom Operators of Bangladesh (অ্যামটব)।

সংগঠনটি জানায়, আগামী মার্চ মাস থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পূর্ণাঙ্গভাবে কার্যকর করার লক্ষ্যে আজ পরীক্ষামূলক টেস্ট রান পরিচালনা করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সময় ডিরেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষ হলে বিচ্ছিন্ন সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে অ্যামটব। তারা জানিয়েছে, এটি কেবল পরীক্ষামূলক কার্যক্রম এবং স্থায়ী কোনো সমস্যা তৈরি হবে না।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি সরকার এনইআইআর পদ্ধতি চালু করেছে। তবে অবৈধ পথে আমদানি হওয়া মোবাইল ফোনগুলো বিক্রির জন্য ব্যবসায়ীদের ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১৫ মার্চের পর থেকে অনুমোদনবিহীন বা ‘আনঅফিসিয়াল’ মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে আর সংযুক্ত হতে পারবে না।

সরকারের এ উদ্যোগের লক্ষ্য হলো অবৈধ মোবাইল আমদানি বন্ধ করা, চুরি হওয়া ফোন শনাক্ত করা এবং টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা নিশ্চিত করা।