দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগে দুপুরের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, শুক্রবার (২০ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এ সতর্কবার্তায় প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো ও বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঝড়ের সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বৃষ্টির কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


