ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  • অন্যান্য

দুপুরের মধ্যে চার অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ । ৬০ জন

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ-এর কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাই ঝড়-বৃষ্টির সময় নৌযানসহ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।