বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচী-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। এ উপলক্ষে বুধবার (২৯ জানুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব শেখ বশিরউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইমরান হায়দার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান। এছাড়াও মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ বুধবার রাত ৮টায় ঢাকা থেকে করাচীর উদ্দেশে যাত্রা শুরু করে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় করাচীতে পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচী থেকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রথম ফ্লাইটে মোট ১৫০ জন যাত্রী যাত্রা করেন।
বিমান কর্তৃপক্ষ জানায়, শীতকালীন সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ৮টায় ফ্লাইটটি ছাড়বে এবং করাচীতে পৌঁছাবে রাত ১১টায়। একই দিনে করাচী থেকে রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথ যোগাযোগ পুনঃস্থাপিত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এ রুট চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা বিনিময় এবং সাংস্কৃতিক যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


