ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ । ১০৩ জন

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্পটি ঘটে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ছিল একটি অগভীর ভূমিকম্প। সংস্থাটির মতে, বেশিরভাগ মানুষ এই কম্পন অনুভব করেননি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিন্ন চিত্র দেখা গেছে। ঠাকুরগাঁও জেলার অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছেন। কেউ কেউ দাবি করেছেন, ঝাঁকুনি তুলনামূলকভাবে শক্তিশালী ছিল। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বাসিন্দারা সবচেয়ে বেশি কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।

এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য ভূকম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভব করার কথা জানান।

সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ওই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছিল।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।