চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাস্তা পার হওয়ার সময় সড়ক সংস্কারকাজে ব্যবহৃত পিচ বহনকারী একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সুজন বারাদী গ্রামের রকিবুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুজন রাস্তা পার হচ্ছিল। এ সময় সড়কের উন্নয়ন কাজে নিয়োজিত একটি পিচ বহনকারী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, সড়কে সংস্কার কাজ চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. চঞ্চল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সড়কের কাজ চলাকালীন পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান তিনি। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


