চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গবাদিপশুর মধ্যে পা ও মুখের ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে রোগটি দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ, টিকাদান কর্মসূচি এবং গবাদিপশু নিধন অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
চীনের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে গানসু প্রদেশ এবং শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে মোট ৬ হাজার ২২৯টি গবাদিপশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়। এরপর আক্রান্ত পশু নিধন এবং সংক্রমিত এলাকা জীবাণুমুক্ত করার কার্যক্রম শুরু করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রথমবারের মতো এসএটি-১ (SAT-1) সেরোটাইপের ভাইরাস চীনে শনাক্ত হয়েছে। প্রচলিত ‘ও’ এবং ‘এ’ সেরোটাইপের জন্য ব্যবহৃত টিকা এই নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর নয় বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ধরনের ভাইরাস আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য হয়ে দক্ষিণ এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে কাজাখস্তান, মঙ্গোলিয়া ও রাশিয়া সংলগ্ন অঞ্চল থেকে ভাইরাসটি দেশে প্রবেশ করেছে। এ কারণে সীমান্তবর্তী প্রদেশগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং অবৈধ পশু পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস অত্যন্ত দ্রুত ছড়ায় এবং বিশেষ করে অল্পবয়সী প্রাণীদের ক্ষেত্রে মৃত্যুহার ৫০ শতাংশের বেশি। এটি সরাসরি সংস্পর্শ ছাড়াও বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে।
এদিকে, ভাইরাস মোকাবিলায় জরুরি ভিত্তিতে এসএটি-১ টিকার দুটি নতুন ডোজ অনুমোদন দেওয়া হয়েছে, যা এক মাসের মধ্যেই বাজারে আসতে পারে বলে জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স


