
আর মাত্র কয়েকদিন পর ঈদুল আজহা। প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলাজাতীয় পণ্যের দাম বাড়লেও এবার দিনাজপুরের হিলি বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। বিশেষ করে জিরার দামে এসেছে উল্লেখযোগ্য কমতি।
বর্তমানে বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় ১০০ টাকা কম।
শনিবার (১৬ মে) সকালে হিলির মসলা বাজার ঘুরে দেখা যায়, গত বছরের কোরবানির ঈদে যেখানে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছিল ৬৫০ টাকা দরে, সেখানে এবার একই জিরা বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে স্বাভাবিকভাবে আমদানি অব্যাহত থাকায় বাজারে সরবরাহ বেড়েছে। ফলে দাম কমেছে এবং এতে স্বস্তি ফিরেছে ক্রেতা-বিক্রেতাদের মাঝে।
বগুড়া থেকে আসা ক্রেতা নাজমুল হক বলেন, হিলি একটি বড় মসলার বাজার। এখানে তুলনামূলক কম দামে সব ধরনের মসলা পাওয়া যায়। সামনে কোরবানির ঈদ, তাই প্রয়োজনীয় মসলা কিনতে এসেছি। গত বছরের তুলনায় এবার জিরার দাম অনেকটাই কম।
স্থানীয় ক্রেতা আজিজুল ইসলাম বলেন, গত বছর ৬৫০ টাকা কেজি দরে জিরা কিনেছিলাম। এবার ৫৫০ টাকায় কিনতে পেরে কিছুটা স্বস্তি লাগছে।
বিসমিল্লাহ মসলা ঘর-এর ব্যবসায়ী শাওন আহমেদ জানান, গত দুই ঈদের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কমেছে। বিশেষ করে জিরার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
তিনি বলেন, গত বছর জিরা ৬৫০ থেকে ৬৬০ টাকা কেজি দরে বিক্রি করেছি। রোজার ঈদেও দাম ছিল ৬৩০ টাকা। বর্তমানে তা কমে ৫৫০ টাকায় নেমে এসেছে।
তিনি আরও জানান, চলতি বছরে ভারত থেকে হিলি বন্দরে জিরার আমদানি বেড়েছে। ফলে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আগামীতে দাম আরও কমতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।