ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

কেরানীগঞ্জে কেমিক্যাল মিশ্রিত কলা পাকানোর দায়ে ৯ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ । ১৫৩ জন

ঢাকার কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজেন্দ্রপুরের একটি ফলের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে পরিচালিত অভিযানে অবৈধভাবে কেমিক্যাল ও ফরমালিন মিশিয়ে কলাসহ বিভিন্ন ফল পাকানোর দায়ে ৯ জনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআইয়ের প্রতিনিধি ফিল্ড অফিসার আলী আকবর সুহেল, কেরানীগঞ্জ থানার এসআই হাসমাত আহমেদ ও মাহবুব রহমান প্রমুখ।

উমর ফারুক জানান, কয়েক দিন ধরে রাজেন্দ্রপুরের ফল ও সবজির আড়তগুলোতে কেমিক্যাল ও ফরমালিন মিশিয়ে কলা পাকানো হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আড়তের ম্যানেজারসহ কয়েকজন আড়তদারকে অর্থদণ্ড করা হয়েছে এবং কেমিক্যাল মেশানো কলা বিনষ্ট করা হয়েছে।