ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

কুয়েতে শহীদ মিনারে প্রবাসীদের শ্রদ্ধাঞ্জলি, স্মরণে ভাষা শহীদরা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ । ২৮ জন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কুয়েত-এ ‘অমর একুশে-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন-এর প্রতিনিধিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাষ্ট্রদূতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে UNESCO-র সাধারণ পরিষদের বর্তমান সভাপতির ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

আলোচনা সভার মূল বক্তব্যে রাষ্ট্রদূত ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টিতে প্রবাসী সমাজের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশ সরকার ও জনগণের সর্বাঙ্গীণ সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।