ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ । ৩৬ জন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মনীষা বেগম (২৪)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার ফটিকখালী গ্রামের রনি আহমেদের স্ত্রী এবং কালিয়াকৈর উপজেলার একটি পোশাক কারখানা লিবার্টি নিটওয়্যারের শ্রমিক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মনীষা বেগম আজ সকাল পৌনে আটটার দিকে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় টাঙ্গাইলগামী একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানাহেফাজতে নেয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ আটক করেছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, “কর্মস্থলে যাওয়ার সময় ওই নারী ট্রাকের চাপায় নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়রা মহাসড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।