ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,১৫৭ টাকা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ । ৫৫ জন

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন করে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দাম বেড়ে তা ২ লাখ ৩৭ হাজার ১২ টাকায় পৌঁছেছে।

পূর্বের নির্ধারিত দামে ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছিল প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায়।

বাজুস জানিয়েছে, নতুন নির্ধারিত এই দাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে।

তবে ক্রেতাদের জন্য চূড়ান্ত মূল্য আরও বেশি পড়বে। কারণ নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। ফলে বাজারে স্বর্ণ কিনতে গিয়ে বাড়তি খরচ গুনতে হবে ক্রেতাদের।