ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, কাবুলে বাড়ি ধসে নিহত ৮

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ । ৩৮ জন

আফগানিস্তানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে অন্তত ৮ জন নিহত এবং এক শিশু আহত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানায়, শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৭৭ কিলোমিটার গভীরে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.১ নির্ধারণ করে। ইসলামাবাদসহ পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান, আজাদ জম্মু-কাশ্মির এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মির অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

বিশেষজ্ঞরা জানান, হিন্দুকুশ অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা, যেখানে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ ঘটে। এ কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প দেখা যায়।

উল্লেখ্য, গত বছর আফগানিস্তানে একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটে। এর মধ্যে আগস্ট মাসে ৬.০ মাত্রার এক ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন, যা সাম্প্রতিক সময়ে দেশটির সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি।