ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক উন্নয়ন কোয়ালিশনের কমিশনার হলেন তামারা হাসান আবেদ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ । ২৬ জন

ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ ফিউচার অব ডেভেলপমেন্ট কোঅপারেশন কোয়ালিশনের কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নয়ন সহযোগিতাকে নতুনভাবে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত এই উচ্চপর্যায়ের বৈশ্বিক উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আফ্রিকান সেন্টার ফর ইকোনমিক ট্রান্সফরমেশন এবং সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে গঠিত এই কোয়ালিশন অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিসহ বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর জন্য বাস্তবসম্মত ও ভবিষ্যতমুখী সমাধান তৈরিতে কাজ করবে। কোয়ালিশনের কো-চেয়ার হিসেবে রয়েছেন নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওসিনবাজো এবং সায়েন্সেস পো-এর প্যারিস স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিন ও স্পেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরানচা গনজালেজ লায়া।

ব্র্যাক এন্টারপ্রাইজেসের নেতৃত্বে তামারা হাসান আবেদ উন্নয়ন খাতে বাজারভিত্তিক সমাধানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্বে ব্র্যাকের সামাজিক উদ্যোগগুলোর কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে, যা বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে। কমিশনার হিসেবে তার এই নিয়োগ সামাজিক উদ্যোগ, উদ্ভাবন এবং উন্নয়নের ক্ষেত্রে তার অঙ্গীকারেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

কোয়ালিশনের মাধ্যমে তিনি বৈশ্বিক উন্নয়ন আলোচনায় বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন এবং গ্লোবাল সাউথের অভিজ্ঞতা ও সমাধানকে কার্যকরভাবে অন্তর্ভুক্ত করতে ভূমিকা রাখবেন। উন্নয়ন ক্ষেত্রে ব্র্যাকের দীর্ঘদিনের অভিজ্ঞতা এই উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

আগামী এক বছরে কমিশনাররা একযোগে কাজ করে উন্নয়ন অংশীদারত্ব সমন্বয়, টেকসই প্রবৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি সম্পদ সংগ্রহ, নীতি ও নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণ এবং উন্নয়নের প্রভাব বাড়াতে উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করবেন।

আসন্ন বিশ্বব্যাংক-আইএমএফের ‘স্প্রিং মিটিংস’-এর সময় ওয়াশিংটনে কোয়ালিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

এই কোয়ালিশনে জলবায়ু অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, সুশাসন সংস্কার, ডিজিটাল উদ্ভাবন এবং বেসরকারি খাত উন্নয়নে অভিজ্ঞ আন্তর্জাতিক নেতৃবৃন্দ যুক্ত রয়েছেন। তামারা হাসান আবেদ ছাড়াও কমিশনারদের মধ্যে রয়েছেন—উরুগুয়ের সাবেক অর্থ ও বাণিজ্যমন্ত্রী আজুসেনা আরবেলচে, চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের ডিন শেংলিন বেন, উগান্ডার ইমার্জিং পাবলিক লিডারসের নির্বাহী পরিচালক আবিগাল কাজুম্বা, ব্রাজিলের সাবেক অর্থমন্ত্রী জোয়াকিম লেভি, ভারতের একস্টেপের সহপ্রতিষ্ঠাতা শংকর মারুওয়াদা, মিসরের সাবেক পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী রানিয়া আল-মাশাত, যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্র সচিব ও ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির সভাপতি ডেভিড মিলিব্যান্ড, দক্ষিণ আফ্রিকার সাজা ক্লাইমেট পার্টনার্সের ম্যানেজিং পার্টনার সান্দ্রা নাইকার এবং আফ্রিক্যাটালিস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সেনেগালের দাউদা সেমবেনে।