
সাধারণ ভোক্তাদের জন্য ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রোববার (১০ আগস্ট) থেকে শুরু হওয়া এ কার্যক্রম নির্ধারিত সময় পর্যন্ত চলবে।
টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরীতে ৬০টি ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৩০ দিন (শুক্রবার ছাড়া) পণ্য বিক্রি করা হবে। চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি এবং পটুয়াখালী ও বাগেরহাট জেলায় ৫টি করে ট্রাক ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন পণ্য বিক্রি করবে।
প্রতি ট্রাকে প্রতিদিন ৫০০ জন সাধারণ ভোক্তা কার্ড ছাড়াই নির্ধারিত দামে পণ্য কিনতে পারবেন। এ ক্ষেত্রে ২ লিটার সয়াবিন তেল ২৩০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা এবং ২ কেজি মশুর ডাল ১৪০ টাকায় পাওয়া যাবে।
এ ছাড়া স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। কার্ডধারীরা নির্ধারিত ডিলারের কাছ থেকে ৫ কেজি চাল (প্রতি কেজি ৩০ টাকা), ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১০০ টাকা), ২ কেজি মশুর ডাল (প্রতি কেজি ৬০ টাকা) এবং ১ কেজি চিনি (৭০ টাকা) কিনতে পারবেন। এই প্যাকেজের মোট দাম পড়বে ৫৪০ টাকা।
টিসিবি জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।