ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজও ২৭টি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল- যাত্রীরা বিপাকে!

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ । ৯৩ জন

ইরান-ইসরাইলের চলমান যুদ্ধের প্রেক্ষিতে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করার পর রবিবার (১ মার্চ) কিছু ফ্লাইট পুনরায় চালু হয়েছে। তবে সকাল থেকে ওই রুটে ২৭টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর আগে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিপাকে পড়া প্রায় ৮০০ মধ্যপ্রাচ্যগামী যাত্রীকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত্রিযাপনের ব্যবস্থা করেছে। এই ব্যবস্থার ফলে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে যাত্রীদের বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছে। তারা আরও বলেছেন, যাত্রীদের নির্ধারিত ফ্লাইটের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে চেক-ইন করতে হবে।

সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে নির্ধারিত ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাড়বে। ইউএস-বাংলা এয়ারলাইন্সে যাত্রীদের বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ারলাইনসের পক্ষ থেকে সকল যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।