বিশ্বের অন্যান্য শহরের মতো মেগাসিটি ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রয়েছে। সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতি দেখা গেলেও বর্তমানে ঢাকার বাতাস আবারও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকায় শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার, যার স্কোর ২৭১। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাইয়ের স্কোর ২৪৫। তৃতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লির স্কোর ১৮৪ এবং পঞ্চম অবস্থানে পাকিস্তানের লাহোরের স্কোর ১৭৩।
একিউআই স্কোর অনুযায়ী, ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ২০১–৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বাইরে গেলে সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ারও আহ্বান জানানো হয়েছে।


