
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে ৫ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে হামে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। সম্প্রতি সেখানে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার মধ্যেই শিশুটির মৃত্যুর খবর জানাল স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (২০ নভেম্বর) ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব হেলথ (ভিডিএইচ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত শিশুটির বয়স ০ থেকে ৪ বছরের মধ্যে ছিল। পরীক্ষায় শিশুটির শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
পরিবারের গোপনীয়তা রক্ষার স্বার্থে শিশুটির পরিচয়, বসবাসের স্থান কিংবা মৃত্যুর বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভিডিএইচের হামের তথ্যভান্ডার অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ভার্জিনিয়ায় ২২০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। অঙ্গরাজ্যটির কয়েকটি এলাকায় সম্প্রতি সংক্রমণ বৃদ্ধির প্রবণতাও দেখা গেছে। এ পরিস্থিতিতে নতুন করে প্রাণহানি এড়াতে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হাম প্রতিরোধ এবং সংক্রমণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হলো এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা গ্রহণ। এ টিকার দুটি ডোজ নিলে প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা পাওয়া যায় এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হয়।
স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী, কারও জ্বর ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে, বিশেষ করে হামে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার ইতিহাস থাকলে, দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে চিকিৎসাকেন্দ্রে যাওয়ার আগে ফোন করে জানাতে হবে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
উল্লেখ্য, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এ রোগে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহসহ গুরুতর জটিলতা দেখা দিতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি বেশি।
এদিকে, দীর্ঘ ২৬ বছর পর যুক্তরাষ্ট্র সম্প্রতি হামের সংক্রমণ নির্মূলের মর্যাদা হারিয়েছে। দেশটিতে ২০২৬ সালে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে ভার্জিনিয়ায় শিশুটির মৃত্যু দেশটির জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।