সারাদেশের মতো সিরাজগঞ্জেও সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, চলতি মাসের ২৯ মার্চ থেকে জেলায় হাম রোগী শনাক্ত শুরু হয়। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ২ জন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন রয়েছে।
হামের টিকা দেওয়ার আগেই অনেক শিশু আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দ্রুত টিকা প্রদান ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জেলায় হামের সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


