ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  • অন্যান্য

মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে জলাবদ্ধ ফেনী, শহরজুড়ে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ । ৩০৭ জন

ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস, যা চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ।

টানা বর্ষণে শহরের অধিকাংশ এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। শহিদ শহীদুল্লাহ কায়সার সড়ক, রামপুর শাহীন অ্যাকাডেমি, পাঠান বাড়ি, নাজির রোড, পেট্রো বাংলা মোড়সহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। নিচু এলাকার বাড়িগুলোর নিচতলা পানিতে তলিয়ে গেছে, দোকানপাটে পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপকভাবে।

পানির কারণে আজ সকাল থেকেই শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়কে কোমরপানির মধ্যে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। অনেক রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে সড়কের পাশে পড়ে থাকতে দেখা গেছে। পরীক্ষার্থীরা রিকশায় কিংবা হেঁটে পানি ঠেলেই কেন্দ্রে পৌঁছেছেন।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানিয়েছেন, আগামী ২-৩ দিন ফেনী জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে করে বন্যা বা বড় ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ভারী বৃষ্টির কারণে ফুলগাজী উপজেলা সদরের শ্রীপুর রোড এলাকায় মুহুরী নদীর একটি বাঁধ ভেঙে পড়েছে। এতে কয়েকটি দোকান ধসে গেছে এবং নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, “মুহুরী নদীর পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও উজানে বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বাড়তে পারে। আমরা ভাঙন রোধে সতর্ক অবস্থানে রয়েছি।”

প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নাগরিকদের নিরাপদে থাকতে এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।