ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মিরসরাইয় হচ্ছে চীন-বাংলাদেশ যৌথ পানি শোধনাগার

প্রতিবেদক
হাসান মাহমুদ
২২ নভেম্বর ২০২৬, ১০:৩০ সকাল

Link Copied!

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিভাগ চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্মিত হচ্ছে নতুন পানি শোধনাগার। এই শোধনাগারটি কেবল কারখানায় পানি সরবরাহই নয়, বরং এ অঞ্চলের শিল্পসম্ভাবনা উন্মোচন ও স্থানীয় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত ১০ নভেম্বর চীনের রাষ্ট্রীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিজিটিএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় পাঁচ লাখ মানুষের বসবাসের এ অঞ্চলে এতদিন শিল্পকারখানাগুলো ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল ছিল। অতিরিক্ত পানি উত্তোলনের ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ার পাশাপাশি গভীর খননে আর্সেনিক ও আয়রনের মাত্রা বাড়ছিল। স্থানীয়দের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষেরই গভীর নলকূপের বিশুদ্ধ পানির সুবিধা নেই।

এই সংকট কাটিয়ে উঠতে একটি চীনা কনসোর্টিয়াম মিরসরাই পানি শোধনাগারটি নির্মাণ করছে। প্রতিদিন ৫ কোটি লিটার (৫০ মিলিয়ন লিটার) পরিশোধিত পানি সরবরাহের উপযোগী করে তৈরি এই শোধনাগার ভবিষ্যতে দৈনিক ১০ কোটি লিটার পর্যন্ত সক্ষমতায় উন্নীত করা যাবে। নদী থেকে শোধনাগার পর্যন্ত ৯.৬ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে পানি আনার জন্য এর ইনটেক কাঠামো ১০ কোটি ৫০ লাখ লিটার (১০৫ মিলিয়ন লিটার) ধারণক্ষমতায় নকশা করা হয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ৪০ লাখের বেশি মানুষ কর্মরত এবং দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। তবে এতদিন শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট ও অনির্ভরযোগ্য ভূগর্ভস্থ পানির কারণে অনেক কারখানার উৎপাদন লাইন ব্যাহত হতো এবং বিনিয়োগকারীরা সম্প্রসারণে পিছিয়ে থাকতেন। অর্থনৈতিক অঞ্চলের একটি টেক্সটাইল কারখানার প্রতিনিধি জানান, নিজস্ব শোধনাগার থাকলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়; নতুন পানি শোধনাগারটি চালু হলে বিশুদ্ধ পানির সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিংয়ের কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ বলেন, এই পানি শিল্পোন্নয়নে সহায়তা করবে এবং আরও বেশি বিনিয়োগ ও শিল্পকারখানা আকৃষ্ট করে দেশের অর্থনীতিতে অবদান রাখবে। চীনা প্রযুক্তি ছাড়া এমন অবকাঠামো নির্মাণ করা কঠিন হতো বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা আমাদের পরিবেশের যত্ন নিই। সমুদ্রবেষ্টিত এই অর্থনৈতিক অঞ্চলে প্রয়োজন বিশুদ্ধ পানি। তাই চীনা ঠিকাদারের সহায়তায় আমরা বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি পানি শোধনাগার এবং ব্যবহারের পর পানি টেকসইভাবে পরিবেশে ফিরিয়ে দিতে একটি ইটিপি (বর্জ্য শোধনাগার) স্থাপন করছি।’

সিজিটিএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈশ্বিক জিডিপিতে এশিয়া এখন ৪০ শতাংশের বেশি অবদান রাখছে, যার অংশীদার বাংলাদেশও। ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে গড় বয়স মাত্র ২৭ বছর। এ ছাড়া চার ঘণ্টার বিমান দূরত্বে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন মিলিয়ে প্রায় ৩০০ কোটি মানুষের বসবাস—যা এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক)-এর মতো জোটগুলোর জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর।

চীন ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ এবং বাংলাদেশ এপেক, আসিয়ানসহ বিভিন্ন আঞ্চলিক অংশীদারত্বের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে কাজ করছে।

পরিশোধিত পানি সরবরাহ থেকে শুরু করে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি—মিরসরাইয়ের এই প্রকল্পটি কারখানার গণ্ডি পেরিয়ে স্থানীয় জনগোষ্ঠীর পানিসম্পদ রক্ষা ও দেশের টেকসই অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনা, আতঙ্কে বেড়িবাঁধের বাসিন্দারা

মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ৬ মাসের শিশুর

মিরসরাইয় হচ্ছে চীন-বাংলাদেশ যৌথ পানি শোধনাগার

অর্থের অভাবে সমুদ্র সংরক্ষণে হিমশিম খাচ্ছে উন্নয়নশীল দেশগুলো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে

২০২৬ সালে ভার্জিনিয়ায় হামে প্রথম শিশুমৃত্যু

যুদ্ধের ক্ষত না শুকাতেই শীতের আঘাত, বিপর্যস্ত গাজার বাস্তুচ্যুত মানুষ

চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত প্রত্যাহার

টিকাদান কমায় বিশ্বজুড়ে ফিরছে হাম, ঝুঁকিতে লাখো শিশু

জলবায়ু সংকট মোকাবিলায় কতটা প্রস্তুত বিশ্ব? কপ-৩১-এর খসড়ায় যা আছে

জলবায়ু রক্ষার সম্মেলনেই বিপত্তি, চুক্তি থেকে বাদ পড়ল কয়লা-তেল-গ্যাস!

দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস