ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে বেড়েছে ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ । ২ জন

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশের বাজারে ডলারের দাম বেড়ে গেছে। আজ মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলো প্রবাসীদের আয় থেকে ডলার কিনেছে সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সা দরে। একই সঙ্গে আমদানিতে ডলারের দাম ১২৩ টাকা পর্যন্ত পৌঁছেছে। এক সপ্তাহ আগে আমদানিতে ডলারের দাম ছিল ১২২ টাকা ৫০ পয়সা।

বাণিজ্যিক ব্যাংকগুলোর সূত্রে জানা গেছে, যুদ্ধের কারণে বিদেশি রেমিট্যান্স হাউসগুলো ডলারের দাম বেশি প্রস্তাব করছে। ফলে প্রবাসী আয়ের ডলার ও আমদানি উভয়ের দাম বাড়ছে।

আজ সকালে এক আমদানিকারক বলেন, “ব্যাংকগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সুযোগ নিচ্ছে। হঠাৎ আমদানিতে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমদানি খরচ বেড়ে যাচ্ছে, যা ভোক্তাপর্যায়ে পণ্যের দামে প্রতিফলিত হবে।”

বাংলাদেশ ব্যাংক-এর প্রকাশিত মুদ্রার হার প্রতিবেদনে দেখা গেছে, ডলারের দাম ৩ মার্চের ১২২ টাকা ৩৩ পয়সা থেকে বেড়ে এখন ১২২ টাকা ৫৮ পয়সা হয়েছে।

একজন শীর্ষ পর্যায়ের বেসরকারি ব্যাংক কর্মকর্তা জানান, “ডলারের দাম ১২৩ টাকার বেশি হবে না-এমন বার্তা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে। তবে আমদানি দায় মেটানোর চাপ ও সরবরাহ কমে গেলে দাম বাড়বেই। তখন রিজার্ভ থেকে ডলারের সহায়তা দিতে হবে। তাই বাজারভিত্তিক ডলার সরবরাহ বাড়ানো ভালো হবে।”