ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে সুন্দর ডানাওয়ালা পাঁচ পাখি

বিপ্লব হোসাইন
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ণ । ১০৩৩ জন

গত কয়েক বছরে পাখি পর্যবেক্ষণ এবং বন্যপ্রাণীর ছবি তোলা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু প্রকৃতিপ্রেমীরাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও পাখির ছবি বিশেষভাবে দৃষ্টি কাড়ে। উড়ন্ত অবস্থায় ছড়ানো ডানা, তার রঙ, নকশা এবং আলোতে ঝলমল করা পালক-এসবই পাখিকে আরও অনন্য করে তোলে। ডানা কেবল উড়ার মাধ্যম নয়, বরং প্রকৃতির শিল্পকর্মের মতো এক অসাধারণ সৌন্দর্যের প্রকাশ।

ভারতীয় ময়ূর


ময়ূর পৃথিবীর সবচেয়ে সুপরিচিত ও আকর্ষণীয় পাখিদের একটি। সাধারণত লেজের রঙিন পালকই বেশি নজর কাড়ে, কিন্তু এর ডানার সৌন্দর্যও কম নয়। সূর্যের আলোয় নীল ও সবুজের ধাতব ঝিলিক ডানাকে করে তোলে বিস্ময়কর। শতাব্দীর পর শতাব্দী ধরে ময়ূর ভারতীয় সংস্কৃতিতে গর্ব, মর্যাদা এবং সৌন্দর্যের প্রতীক, যা আজও ভারতের জাতীয় পাখি হিসেবে বিশেষ মর্যাদায় আসীন।

সোনালী তিতির


পূর্ব এশিয়ার এই রঙিন পাখিটি এক নজরে চোখে পড়ে তার ডানার সৌন্দর্যের জন্য। লাল, সোনালী ও সবুজ রঙের সমন্বয় পাখিটির ডানাকে দেয় রাজকীয় শোভা। প্রাকৃতিক আবাসস্থলের বাইরে পার্ক বা খামারেও এদের দেখা যায়। সাহসী রঙের জন্য পাখি প্রেমীদের কাছে এটি এক অনন্য আকর্ষণ।

রংধনু লোরিকিট


আকারে ছোট হলেও এই পাখির রঙিন ডানা এক কথায় মনমুগ্ধকর। নীল, সবুজ ও হলুদের মিশ্রণে তৈরি প্রাণবন্ত ছায়া এটিকে করে তোলে রংধনুর মতো বর্ণিল। অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলের গ্রীষ্মমণ্ডলীয় গাছে এরা সহজেই মিশে যায়। কাছ থেকে দেখলে এর ডানার সৌন্দর্য সত্যিই চোখ ফেরানো কঠিন।

উজ্জ্বল কোয়েটজাল


মধ্য আমেরিকার বিখ্যাত এই পাখি তার ডানার সৌন্দর্যের জন্য পৃথিবীর অন্যতম চমকপ্রদ প্রজাতি। এর ডানায় গাঢ় সবুজ রঙ আলোতে সামান্য পরিবর্তিত হয়, ফলে তৈরি হয় মনোমুগ্ধকর আভা। উজ্জ্বলতার চাইতে এর শান্ত, রহস্যময় সৌন্দর্যই মানুষকে মুগ্ধ করে। কোয়েটজাল স্থানীয় সংস্কৃতিতেও বিশেষ তাৎপর্য বহন করে।

সোয়ালো-টেইলড হামিংবার্ড


নামেই ইঙ্গিত রয়েছে-এই পাখির লেজ এবং ডানার বিন্যাস স্বতন্ত্র। ছোট আকৃতির হলেও সবুজ ও গাঢ় নীলের ঝলমলে খেলা এটিকে করে তোলে অসাধারণ। দক্ষিণ আমেরিকার আদিবাসী এই হামিংবার্ড শুধু গতি নয়, রঙিন ডানার সৌন্দর্যের জন্যও বিশ্বজুড়ে প্রশংসিত।

ঝিকিমিকি রঙ, শিল্পকর্মের মতো নকশা আর আলোতে ঝলমল করা পালক-সব মিলিয়ে এই ডানাওয়ালা বিস্ময়গুলো প্রমাণ করে, প্রকৃতি কতটা সৃজনশীল। প্রতিটি পালক শুধু সৌন্দর্যের নিদর্শন নয়, বরং প্রমাণ করে বেঁচে থাকার জন্য রঙের কৌশলও কতটা গুরুত্বপূর্ণ-সঙ্গী আকর্ষণ, শিকারীর ভয় দেখানো কিংবা পরিবেশের সাথে মিশে যাওয়া। উড়ন্ত অবস্থায় তাদের দেখা যেন আকাশে জীবন্ত রংধনু।

এমন পাখি দেখা কেবল আনন্দের নয়, বরং আমাদের মনে করিয়ে দেয় তাদের আবাসস্থল রক্ষার প্রয়োজনীয়তার কথা। প্রকৃতির এই সৌন্দর্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে হলে আমাদেরই উদ্যোগ নিতে হবে। রঙিন ডানাওয়ালা এই বিস্ময়কর প্রাণীগুলো আমাদের পৃথিবীকে শুধু সুন্দরই করে না, বরং বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্বও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।