
বাগেরহাটে সরবরাহ কমার অজুহাতে আবারও বেড়েছে ডিমের দাম। চলতি সপ্তাহের শুরুতে প্রতি পিস ডিমের দাম আকার ভেদে বেড়েছে ১ টাকারও বেশি। ফলে প্রতি হালিতে (৪টি) দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা এবং ডজনে (১২টি) বেড়েছে ১২ টাকারও বেশি।
বাজার সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিমের দাম বেড়ে প্রতি ডজন বিক্রি হয়েছিল ১২০ টাকায়, যা আগের চেয়ে প্রায় ২৪ টাকা বেশি। কিন্তু চলতি সপ্তাহে আবারও বৃদ্ধি পেয়ে ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৪ টাকায়। বাজারে প্রতি ঝুড়ি (৩০টি) ডিমের দাম গত সপ্তাহে ছিল ৩০০ থেকে ৩১০ টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ থেকে ৩৪০ টাকায়।
পাইকারি বাজারে ১০০ ডিমের দাম গত সপ্তাহের ১ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। আকার ভেদে ১ হাজার ডিম বর্তমানে বিক্রি হচ্ছে ১১ হাজার থেকে সাড়ে ১১ হাজার টাকায়।
ক্রেতা আলতাফ তালুকদার অভিযোগ করে বলেন, “ডিমসহ নিত্যপণ্যের বাজারে কোনো তদারকি নেই, তাই দাম নিয়ন্ত্রণে থাকছে না।”
ডিম ব্যবসায়ী সোহরাফ হোসেন জানান, “গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এক হাজার ডিমে দাম বেড়েছে এক হাজার টাকা। গত সপ্তাহে দাম ছিল ১০ হাজার টাকা, এখন ১১ হাজার টাকা। দাম বাড়ায় বিক্রি কমে গেছে।”
দু’সপ্তাহ আগেও প্রতি ডজন ডিম বিক্রি হতো ৯৬ টাকায়, যা ধাপে ধাপে বেড়ে এখন ১৪০ টাকার ঘরে পৌঁছেছে।
ডিম কিনতে আসা ভ্যান শ্রমিক লিয়াকত শিকদার বলেন, “আমাদের মতো খেটে খাওয়া মানুষের ভরসা ছিল ডিম আর আলু। সেখানে আবার ডিমের দাম বাড়ায় আমরা চরম বিপাকে পড়েছি।”