
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অস্বাভাবিক দ্রুতগতিতে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু সংক্রমণ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত বছরের একই সময়ের তুলনায় এবার ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১০ গুণ বেড়েছে। আসন্ন থ্যাঙ্কসগিভিং উৎসবকে সামনে রেখে এ পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউজ১৯ ডব্লিউএলটিএক্সের ২৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ফ্লু মৌসুম শুরু হওয়ার পর থেকে সাউথ ক্যারোলাইনায় ৭৪৯ জন রোগী ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অথচ গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল মাত্র ৭৪ জন।
এবারের ফ্লু মৌসুম শুরু হয়েছে গত ৪ অক্টোবর থেকে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তির এই সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ১০ গুণ।
তবে শুধু গত বছরের সঙ্গে তুলনা নয়, দীর্ঘমেয়াদি গড়ের তুলনাতেও পরিস্থিতি উদ্বেগজনক। সাউথ ক্যারোলাইনা ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের সর্বশেষ ফ্লু ওয়াচ প্রতিবেদনে দেখা যায়, চলতি মৌসুমে হাসপাতালে ভর্তির সংখ্যা গত পাঁচ মৌসুমের একই সময়ের গড় ২৭৬ জনের তুলনায় প্রায় ২ দশমিক ৭ গুণ। অর্থাৎ স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ দ্রুতগতিতে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যা।
স্বাস্থ্য বিভাগের ৮ থেকে ১৪ নভেম্বরের তথ্য অনুযায়ী, ওই এক সপ্তাহেই ফ্লুতে আক্রান্ত হয়ে ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ৬০টি হাসপাতাল থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ফ্লুতে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ৬৫ বছর বা তার বেশি বয়সী।
বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি মৌসুমে হাসপাতালে ভর্তি হওয়া ৭৪৯ জনের মধ্যে ৪০৬ জনই ৬৫ বছর বা তার বেশি বয়সী। অর্থাৎ মোট হাসপাতালে ভর্তির অর্ধেকেরও বেশি এই বয়সী মানুষ। ৫০ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা ১৬৬ জন।
এদিকে ফ্লুজনিত অসুস্থতার লক্ষণ নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া রোগীর সংখ্যাও বাড়ছে। ১৪ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে রাজ্যের চিকিৎসকদের কাছে আসা রোগীদের ৭ শতাংশের মধ্যে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ পাওয়া গেছে। অথচ রাজ্যটির স্বাভাবিক গড় ৩ দশমিক ২ শতাংশ।
আগামী ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং উৎসব উদযাপিত হবে। এ উপলক্ষে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে ব্যাপক যাতায়াত এবং সমাবেশের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ফ্লুর টিকা নেওয়া, অসুস্থ অবস্থায় অন্যদের সঙ্গে মেলামেশা এড়িয়ে চলা এবং নিয়মিত হাত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।
চিকিৎসকদের মতে, ফ্লুর টিকা সংক্রমণ পুরোপুরি ঠেকাতে না পারলেও গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই এখনো টিকা না নেওয়া ব্যক্তিদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।