
ফেনীতে মহাসড়কের পাশে জিপগাড়ির চাকা মেরামত করার সময় লং ভেহিকেলের ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে ফেনী সদর মডেল থানাধীন লালপোল বাজার সংলগ্ন মধুপুর রাস্তার মাথায় ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার খিলবাড়ির টেক পশ্চিম এলাকার ১০৪১ নম্বর বাসার বাসিন্দা। তার বাবার নাম জামাল আলী এবং মায়ের নাম মোসা. সাজু বিবি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ঘ-১৩-৩১৫০ নম্বরের একটি জিপগাড়ির চাকা পাংচার হলে চালক ওয়াজেদ আলী সেটি মহাসড়কের পাশে থামিয়ে মেরামত করছিলেন। এ সময় একই লেন দিয়ে আসা ঢাকা মেট্রো-ঢ-৮৪-০২০০ নম্বরের একটি লং ভেহিকেল দ্রুতগতিতে এসে জিপগাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান ওয়াজেদ আলী।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়। সরকারি রেকারের মাধ্যমে সেগুলো মহিপাল হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফছার বলেন, ঘাতক লং ভেহিকেলের চালকের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।