ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পর্যটন ও এভিয়েশন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ সকাল

Link Copied!

বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে সুপরিকল্পিত, টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। একই সঙ্গে পর্যটন ও আতিথেয়তা খাতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। দেশের সুন্দরবন, কক্সবাজারের সমুদ্রসৈকত, চট্টগ্রামের পাহাড় ও হ্রদ, সিলেটের চা-বাগান এবং মানুষের আতিথেয়তা পর্যটনের বড় সম্পদ। তবে দেশের পর্যটন সম্ভাবনা শুধু কয়েকটি পরিচিত গন্তব্যে সীমাবদ্ধ নয়। প্রায় প্রতিটি অঞ্চলেই নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যের বৈশিষ্ট্য রয়েছে।

তিনি বলেন, এসব বিচ্ছিন্ন সম্ভাবনাকে একটি সুপরিকল্পিত, টেকসই এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক পর্যটন ও আতিথেয়তা শিল্পে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার পর্যটন খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগের পরিবেশ সহজ করার লক্ষ্যে কাজ করছে। অর্থনৈতিক বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি বিনিয়োগের জন্য আরও সুযোগ তৈরি করা হচ্ছে। পর্যটন ও আতিথেয়তা খাতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও জানান তিনি।

এভিয়েশন খাতের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, বিমান চলাচল খাতের উন্নয়নের সঙ্গে পর্যটন খাতের গভীর সম্পর্ক রয়েছে। এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং ও এয়ারবাসের সমন্বয়ে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ মিশ্র বহর গঠনের লক্ষ্যে কাজ চলছে।

এ সময় দেশের এয়ার কার্গো খাতের একটি গুরুত্বপূর্ণ বিষয়েও ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতা চান মন্ত্রী। তিনি বলেন, ২০১৭ সালের জুন থেকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে পাঠানো কার্গো ও ডাককে ‘হাই রিস্ক কার্গো অ্যান্ড মেইল’ হিসেবে চিহ্নিত করেছে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগগুলো মোকাবিলায় বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, গত ১৭ জুলাই যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের মূল্যায়নে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ স্কোর অর্জন করেছে। সাম্প্রতিক মূল্যায়নে দুই বিমানবন্দরের নিরাপত্তা স্কোর আগের বছরের তুলনায় বেড়েছে।

এই অগ্রগতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ওপর থাকা সংশ্লিষ্ট বিধিনিষেধ দ্রুত প্রত্যাহারের লক্ষ্যে ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতা ও সমর্থন কামনা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।

রশিদুজ্জামান মিল্লাত যুক্তরাজ্যকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে যুক্তরাজ্যের জনগণ আমাদের পাশে ছিলেন। সরকার আশা করে, বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও বিকাশেও তারা আমাদের পাশে থাকবেন।

যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আসুন এবং আমাদের পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগ করুন। সরকার আপনাদের বিনিয়োগকে স্বাগত জানায় এবং একটি অনুকূল, নিরাপদ ও সম্ভাবনাময় বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করবে সরকার

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

শব্দদূষণ কমাতে ১৫ দিনে হর্ন অপসারণের উদ্যোগ গাজীপুরে

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণ, অতিরিক্ত মাছ রপ্তানির আহ্বান

পর্যটন ও এভিয়েশন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার

Road Crashes Claim More Young Lives, Youth Seek Road Safety Law

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা

সাভারে দুই বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

ইস্তাম্বুলে জব্দ ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের বিমান

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি জেলায় ভূমিধসের শঙ্কা