
ধূমপানের কারণে নারী ও পুরুষ উভয়েরই প্রজননক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি যারা নিজেরা ধূমপান করেন না, তারাও পরোক্ষ ধূমপানের কারণে বন্ধ্যত্বের ঝুঁকিতে পড়তে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপান করেন এমন নারীদের বন্ধ্যত্বের ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় ৪০ শতাংশ বেশি। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর গুণগত মান কমে যাওয়া ও যৌন অক্ষমতাসহ বিভিন্ন প্রজননগত সমস্যা দেখা দিতে পারে। সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন এমন দম্পতিদের ধূমপান ছাড়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে ডব্লিউএইচওর গবেষণার বরাতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ থেকে ২০২৬ সাল পর্যন্ত পরিচালিত বিভিন্ন গবেষণার পদ্ধতিগত পর্যালোচনায় দেখা গেছে, বর্তমানে ধূমপান করেন এমন নারীদের বন্ধ্যত্বের ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় ৪০ শতাংশ বেশি। অর্থাৎ, তামাকের ব্যবহার নারীদের প্রজননস্বাস্থ্যের ওপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পুরুষদের ক্ষেত্রেও ধূমপানের ক্ষতিকর প্রভাবের প্রমাণ পাওয়া গেছে। ৬০ হাজারের বেশি পুরুষের ওপর পরিচালিত ৪৪টি গবেষণার পর্যালোচনায় ধূমপানের সঙ্গে বিভিন্ন প্রজননগত সমস্যার সম্পর্ক পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে পুরুষত্বহীনতা, বীর্যপাতজনিত সমস্যা, শুক্রাণুর চলাচলের ক্ষমতা কমে যাওয়া এবং শুক্রাণুর অস্বাভাবিক গঠন।
পরোক্ষ ধূমপানেও বাড়ে বন্ধ্যত্বের ঝুঁকি
শুধু সরাসরি ধূমপান নয়, অন্যের ধূমপানের ধোঁয়ার সংস্পর্শেও প্রজননস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও। সংস্থাটির তথ্য অনুযায়ী, পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসা নারীদের বন্ধ্যত্বের ঝুঁকি এ ধরনের ধোঁয়ার সংস্পর্শে না আসা নারীদের তুলনায় ২০ শতাংশ বেশি।
অর্থাৎ, পরিবারের কেউ বা আশপাশের কেউ ধূমপান করলেও তার ধোঁয়ার প্রভাব নারী ও পুরুষের প্রজননস্বাস্থ্যের ওপর পড়তে পারে।
আইভিএফ চিকিৎসার সফলতার সম্ভাবনাও কমায় ধূমপান
সন্তান ধারণে সমস্যার কারণে যারা চিকিৎসার আশ্রয় নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও ধূমপান নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ২১টি গবেষণার পর্যালোচনায় দেখা গেছে, ধূমপানের সঙ্গে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)সহ সহায়ক প্রজনন চিকিৎসার পর গর্ভধারণ ও জীবিত সন্তান জন্মদানের হার কমে যাওয়ার সম্পর্ক রয়েছে।
গবেষণার ফলাফল অনুযায়ী, কিছু ক্ষেত্রে ধূমপানের কারণে এসব চিকিৎসায় সফলতার সম্ভাবনা প্রায় অর্ধেকে নেমে আসতে পারে। তবে এর অর্থ এই নয় যে, ধূমপান করেন এমন প্রত্যেক ব্যক্তির আইভিএফ চিকিৎসায় সফলতার হার একই পরিমাণ কমে যাবে।
ধূমপান ছাড়লে কমতে পারে বন্ধ্যত্বের ঝুঁকি
ডব্লিউএইচওর প্রতিবেদনে ধূমপান ছেড়ে দেওয়ার ইতিবাচক প্রভাবের কথাও তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা গেছে, আগে ধূমপান করতেন কিন্তু ছেড়ে দিয়েছেন-এমন নারীদের বন্ধ্যত্বের ঝুঁকি যারা এখনো ধূমপান করছেন, তাদের তুলনায় ২৫ শতাংশ কম।
ডব্লিউএইচওর টোব্যাকো ফ্রি ইনিশিয়েটিভের মেডিকেল কর্মকর্তা ডা. কার্স্টিন শোটে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন এমন ব্যক্তিদের ধূমপান ছাড়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, ধূমপান বন্ধ করলে সামগ্রিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজননস্বাস্থ্যও সুরক্ষিত রাখা সম্ভব।
তিনি স্বাস্থ্যসেবা পেশাজীবীদেরও সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন এমন দম্পতিদের তামাক ব্যবহারের প্রজননগত ঝুঁকি সম্পর্কে সচেতন করার এবং ধূমপান ছাড়তে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্বে প্রতি ছয়জনে একজন বন্ধ্যত্বের সমস্যায় ভোগেন
ডব্লিউএইচওর হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রজননক্ষম বয়সী প্রতি ছয়জনের একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে বন্ধ্যত্বের সমস্যায় ভোগেন। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, নিয়মিত ও সুরক্ষাহীন যৌনসম্পর্কের পরও ১২ মাস বা তার বেশি সময় ধরে গর্ভধারণ না হওয়াকে বন্ধ্যত্ব বলা হয়।
এদিকে ই-সিগারেট, হুক্কা বা শিসা এবং অন্যান্য তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষেত্রেও প্রজননস্বাস্থ্যের ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। তবে এসব পণ্যের প্রজননগত প্রভাব নিয়ে গবেষণা এখনো সীমিত।
ডব্লিউএইচওর পরামর্শ, সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন এমন নারী-পুরুষ উভয়েরই তামাক ব্যবহার বন্ধ করা উচিত। পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ধূমপান ছাড়ার পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা অন্তর্ভুক্ত করা জরুরি।