ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য

ঢাকার বায়ুর মানের অবনতি, দূষণে শীর্ষে চিয়াং মাই

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ । ৩১ জন

রাজধানী ঢাকার বায়ুর মান কিছুটা অবনতি হয়েছে। একই সঙ্গে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে চিয়াং মাই।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ৫৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir এর সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা চিয়াং মাইয়ের বায়ুর মানের স্কোর ২১৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায় নির্দেশ করে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লি শহরের স্কোর ২০১, যা একইভাবে অত্যন্ত অস্বাস্থ্যকর।

অন্যদিকে ঢাকা শহরের বায়ুর মানের স্কোর ১৮১, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এর আগে শনিবার (২৮ মার্চ) ঢাকার বায়ুর মান মাঝারি বা ভালো ছিল।

বিশ্লেষকরা বলছেন, আজ থেকে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় এবং সরকারি-বেসরকারি অফিস কার্যক্রম শুরু হওয়ায় রাজধানীতে যানবাহনের সংখ্যা বেড়েছে। এর ফলে বায়ুদূষণের মাত্রাও বৃদ্ধি পেয়েছে।

বায়ুর মান সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ হলে ভালো, ৫১-১০০ হলে মাঝারি, ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।