ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  • অন্যান্য

ঢাকায় হঠাৎ বৃষ্টি ও শিলাবৃষ্টি, বাড়তে পারে কালবৈশাখীর প্রবণতা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ । ২ জন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টি, বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। দিনের গরমের পর এই আকস্মিক বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে, দেশের ওপর দিয়ে সক্রিয় হয়েছে প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় শিলাবৃষ্টি দেখা গেছে। শিলার আকার খুব বড় না হলেও হঠাৎ বৃষ্টিতে রাস্তায় থাকা মানুষজনকে দ্রুত আশ্রয় নিতে দেখা যায়। দিনের গরমের পর হঠাৎ বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

এদিকে Bangladesh Weather Observation Team আগেই জানিয়েছিল, দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির মতে, এই বৃষ্টিবলয়ের প্রভাবেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিবলয়টির প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ১৩ মার্চ সন্ধ্যা থেকে ১৭ মার্চ পর্যন্ত এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। এর মধ্যে ১৬ মার্চ পর্যন্ত এর তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় দেশের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে তীব্র বজ্রপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল থাকতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, চৈত্র মাসের এই বৃষ্টি কৃষি খাতের জন্য উপকারী হতে পারে। বিডব্লিউওটির মতে, এই বৃষ্টিতে দেশের প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ এলাকার সেচের চাহিদা পূরণ হতে পারে। আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকবে, তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিরতির সময় কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

তবে বৃষ্টিবলয়ের কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের কিছুটা ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। যদিও এই বৃষ্টিতে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে Bangladesh Meteorological Department।