
দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ছয়জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। অন্যদিকে নতুন করে ১ হাজার ৩১৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৮২ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
এ নিয়ে চলতি বছরের শুরু থেকে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯৪৩ জন রয়েছেন। এ ছাড়া বরিশালে ২১৯ জন, চট্টগ্রামে ২৪৫, খুলনায় ২৩৫, ময়মনসিংহে ৬০, রাজশাহীতে ২১৯, রংপুরে ৬৫ এবং সিলেট বিভাগে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন।
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। পাশাপাশি ৮২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৩ জনের।
এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৩ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৫৮ জন।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৩ জন, চট্টগ্রামে ১১২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৭০, খুলনায় ৫৭ এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬০ জন
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬০ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪৮৯ জন, চট্টগ্রামে ২৩৬, সিলেটে ১৪০, বরিশালে ১৩২, খুলনায় ৯৪, ময়মনসিংহে ১০০, রংপুরে ৩৫ এবং রাজশাহী বিভাগে ৩৪ জন রয়েছেন।
হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।