মাছের রাজা ইলিশ-স্বাদের জন্য যার তুলনা নেই। কিন্তু ভরা মৌসুমেও খুলনার বাজারে এ মাছের দেখা মেলা ভার। যে সামান্য ইলিশ বাজারে আসছে, তার দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। গত বছরের তুলনায় এবার দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন আড়তদার ও ব্যবসায়ীরা।
ঘাটে নেই সরবরাহ
ইলিশ ঘাট হিসেবে পরিচিত ভৈরব নদের পাড়ের ৫ নম্বর ঘাট ও রূপসা মাছ ঘাটে গিয়ে দেখা যায়, সরবরাহ প্রায় নেই বললেই চলে। কেবল কিছু জাটকা ইলিশ চোখে পড়ে। স্থানীয় আড়তদার সাঈদ আলী বলেন, “প্রায় ৭০-৮০ বছরের ব্যবসায় কখনো এমন আকাল পড়েনি। খুচরা ব্যবসায়ীরাও এখন অন্য মাছের দিকে ঝুঁকছেন।”
দাম শুনেই ক্রেতারা পিছু হটছেন
নিউমার্কেট ও ময়লাপোতা বাজারে ঘুরে দেখা গেছে, এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার ৭০০ টাকা দরে। ৭০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকা, ৬০০-৭০০ গ্রামের ইলিশ ১ হাজার ৯০০ টাকা এবং ৪০০-৬০০ গ্রামের ইলিশ ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রিকশাচালক জালাল বলেন, “দুই বছর আগে মেয়ের বায়নায় সাড়ে ৫০০ টাকায় চারটা জাটকা কিনেছিলাম। এরপর আর কেনা হয়নি। এখন বাজারে গিয়ে শুধু দেখি, কেনা আর হয় না।”
মধ্যবিত্তের নাগালের বাইরে
নিউমার্কেটে বাজার করতে আসা মাসুমা লিমা বলেন, “ভরা মৌসুমেও ইলিশ নাগালের বাইরে। সাধ থাকলেও মুখে তোলা হয়নি। এখন ফেসবুকে ছবি দেখেই স্বাদ মেটাতে হচ্ছে।”
ব্যবসায়ীরাও বিপাকে
নিউমার্কেটের মাছ ব্যবসায়ী বাদশা মোড়ল বলেন, “এখনকার দামে মাছ তোলা কঠিন হয়ে পড়েছে। ক্রেতারা আর আগের মতো আসেন না। সারা দিন বসে থেকেও কয়েকটা মাছ বিক্রি হয়। খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে।”
আরেক ব্যবসায়ী প্রান্ত জানান, “অনেক সময় ইলিশ কয়েক দিন দোকানে পড়ে থাকে। তখন বাধ্য হয়ে কিনে আনা দামে বা তার চেয়ে কমে বিক্রি করতে হয়। সব মিলিয়ে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।”
ভরা মৌসুমেও খুলনার বাজারে ইলিশের আকাল ও অস্বাভাবিক দাম সাধারণ মানুষকে হতাশ করেছে। নাগালের বাইরে চলে যাওয়া এই মাছ এখন অনেকের জন্য কেবল স্মৃতির গল্প কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে সীমাবদ্ধ হয়ে পড়ছে।


