ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম এপ্রিলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ৩২ টাকা ৩০ পয়সা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এই নতুন দাম ঘোষণা করে, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
নতুন দামে বাজারে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৩৪১ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে এই সিলিন্ডারের দাম বেড়েছে ৩৮৭ টাকা।
বিইআরসি জানিয়েছে, বর্তমানে প্রতি কেজি এলপিজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৪ টাকা ৪ পয়সা, যার ভিত্তিতে বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।
তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ রয়েছে। ভোক্তাদের অভিযোগ, ১২ কেজির সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।
অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি নিয়মিতভাবে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের সৌদি কার্গো মূল্য (সিপি) এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এনে দেশে এলপিজির মূল্য সমন্বয় করা হয়।


